পঞ্চগড়ে করোনায় আরও একজনের মৃত্যু

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। হরিশ চন্দ্র রায় (৫০) নামের ওই ব্যক্তির বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার কুনথুলিপাড়া এলাকায়। রোববার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনা শনাক্ত হওয়ার আগে তিনি টিবি (যক্ষা) রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনুর রহমান।

হরিশ চন্দ্র রায়ের ভাই শান্ত কুমার রায় জানান, টিবি রোগের চিকিৎসা করাতে গেলে গত ১৮ জুলাই রংপুরে হরিশের করোনা ধরা পড়ে। ২১ জুলাই শ্বাসকষ্ট নিয়ে তাকে পঞ্চগড় ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তার শ্বাসকষ্ট মারাত্মকভাবে বেড়ে যায়। বিকেলেই তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্বাস্থ্যবিধি মেনে সতকর্তার সাথে তার সৎকার সম্পন্ন করা হবে বলে জানিয়েছে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান।

এর আগে পঞ্চগড়ে বিভিন্ন উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে সদর উপজেলায় মৌলভী পাড়ায় ৭৫ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা ও ৫৪ বছর বয়সী এক গৃহিনী,বোদা উপজেলার সাকোয়ায় ৬৬ বছর বয়সী এক সাবেক ইউপি চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলার চিলাহাটিতে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর