ঢাকার সাভারের আমিনবাজারে মৃত গরু জবাই করে বিক্রি করার সময় ৪ জনকে আটক করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৬ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদের সামনে সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এ কারাদণ্ড প্রদান করেন।
জানা যায়, গতকাল রাতে উত্তরবঙ্গ থেকে এক গরু ব্যবসায়ী বেশ বেশ কয়েকটি গরু বিক্রি করার জন্য সাভারে নিয়ে আসেন।পিকআপ ভ্যানে থাকাবস্থায় অজ্ঞাত রোগে একটা গরু মারা যায়। পরে পিকআপ ভ্যানের চালক ভোর রাতে মৃত গরুটিকে আমিনবাজারের স্থানীয় কসাই ফজলুল হকের সাহায্য নিয়ে জবাই করে স্থানীয়দের মাঝে মাংস বিক্রি করার উদ্যোগ নেয়। বিষয়টি এলাকাবাসীর কাছে সন্দেহজনক মনে হলে তারা সাভার মডেল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত মৃত গরুসহ চারজনকে আটক করে।
পরে সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর আদালতে হাজির করলে আদালত শুনানি শেষে পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেন (৩৬) কে ১৫ দিনের, কসাই ফজলুল হককে (৪৫) ৩ দিনের ও তাদের সহকারি আসলাম (৩৪) এবং আবু তাহেরকে(৩৬) ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এব্যাপারে, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, মৃত গরু জবাই করে বিক্রী করার দায়ে মোট ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
পরে পুলিশ তাদেরকে সাভার মডেল থানায় নিয়ে চলে যান।
বার্তাবাজার/এমকে