পূর্ব সুন্দরবনের চাড়াখালী খাল দিয়ে পাচারকালে দুটি হরিণের মাথাসহ ৩০ কেজি মাংস, দুটি নৌকা এবং হরিণ শিকারের সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগ।
পূর্ব সুন্দরব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: বেলায়েত হোসেন মুঠোফোনে এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার ভোরে চাদপাইরেঞ্জের করমজল পর্যটন স্পট ও বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র সংলগ্ন বনের চাড়াখালী খাল দিয়ে দুটি নৌকা যাচ্ছিল। এমন সময় বন প্রহরীরা নৌকা দুটিকে তল্লাশির জন্য থামাতে বললে নৌকায় থাকা পাচারকারীরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে বন কর্মীরা নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি নৌকা এবং হরিণ শিকারের সরঞ্জাম জব্দ করে।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বনবিভাগের পাশাপাশি জেলা পুলিশও সুন্দরবনের বন্যপ্রাণি রক্ষায় অভিযান অব্যাহত রেখেছে। আসন্ন ঈদকে সামনে রেখে চোরা শিকারীরা যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি