ফরিদপুরে গৃহবধূর ‘আত্মহত্যা’, পরিবারের দাবি ‘হত্যা’

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে সংগীতা ভৌমিক সম্পা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। তবে ওই গৃহবধূর পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাত মাস আগে বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের সেরাপুর গ্রামের বিমল বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাসের সাথে তার বিয়ে হয়। শ্বশুরের চাকুরীর সুবাদে তারা বোয়ালমারী বাজারে ভাড়া বাড়ীতে বসবাস করতো। সংগীতা ও বিকাশের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। ২ বছর আগে ফরিদপুর আদালতে তাদের বিয়ে হলেও সে বিয়ে তখন মেনে নেয়নি শ্বশুরবাড়ীর কেউ। নানা টানাপোড়ন শেষে সাত মাস আগে আনুষ্ঠানিকভাবে তাদের পুনঃবিবাহ হয়।

সংগীতার মা অনিতা রানী বসক জানান, বিয়ের পর থেকেই সংগীতার উপর নানা ভাবে অত্যাচার করে আসছে বিকাশের পরিবার। এমন কী তাকে খাবার পর্যন্ত দেওয়া হতো না। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাতে তাকে হত্যা করে ফাঁস লাগিয়ে তাদের শোবার ঘরের পাশে তার ননদের রুমের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্ঠা করছে তারা। এটা পরিকল্পিত হত্যাকান্ড, আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

তবে বিমল বিশ্বাস বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কোন বিরোধ ছিল না, তবে সপ্তাহ খানেক আগে ভ্রু ফ্লাগ করা নিয়ে সংগীতাকে তার শ্বাশুরী বেশি কথা বলে। সংগীতা গত রাতে তার পরিবারের কাছে নালিশ দিলে তারাও এ ব্যাপারে তাকে রাগারাগি করে। আর এই অভিমানেই হয়তো সে আত্মহত্যা করেছে।

বোয়ালমারীর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ বসতঘরের আড়ার সাথে গলায় রশি দিয়া অবস্থায় সংগীতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মৃতদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য সংগীতার স্বামীকে থানায় আনা হয়েছে।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর