ভালোবেসে বিয়ের ছয় মাস যেতে না যেতেই শ্বশুরবাড়িতে কিশোরী স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যান স্বামী ইয়াছিন। শনিবার দুপুরে জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন ইয়াছিন।
এর আগে শুক্রবার বরগুনা সদর ইউনিয়নের কালীরতবক গ্রামে বাবা আনোয়ার খানের বাড়ি থেকে স্বর্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরপরই পুলিশের অভিযানে গ্রেপ্তার হন স্বামী ইয়াছিন। ইয়াছিন সদর উপজেলার ধুপতি-সুজার খেয়া এলাকার আবু সালেহ মুসল্লির ছেলে। পেশায় রাজমিস্ত্রি। তার স্ত্রী স্বর্ণা কালীরতবক এলাকার চায়ের দোকানদার আনোয়ার খাঁর মেয়ে।
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী স্বর্ণাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখার কথা স্বীকার করেছে ইয়াছিন। স্বর্ণাকে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রেখে পালায় ইয়াছিন। পরে চালাকি করে তার শাশুড়ির মোবাইলে ফোন দিয়ে স্বর্ণার কিছু হয়েছে কি না তা দেখার জন্য বলে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বার্তাবাজার/এমকে