কক্সবাজারের টেকনাফে প্রেমিকাকে বউ হিসেবে মেনে নিতে অস্বীকার করায় পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওসমান গণি নামের (২০) এক মাইক্রোবাস চালক।
আজ শনবিার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের হ্নীলা দক্ষিণ জাদিমুরার ওমরখাল ব্রিজের উত্তর-পশ্চিম পাড় সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। সে প্রবাসী জাফর আলমের ছেলে।
এলাকাবাসীর দাবী, নিহত যুবকের সাথে কক্সবাজার জেলার মহেষখালী দ্বীপের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। সেই সূত্র ধরে মহেষখালীর ওই প্রেমিকাকে বউ করে আনার জন্য পরিবারকে চাপ দিতে থাকে। পরিবার তার প্রস্তাবে রাজী না হলে আত্মহত্যার হুমকি দেয়। দুপুরে ঘরের লোকজন তার শয়ন কক্ষের ঘরের চালের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেয়। পরে বিকেলে টেকনাফ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান পুলিশকে অবহিত করার পর পারিবারিক অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি সাপেক্ষে দাফনের প্রস্তুতি চলছে।
বার্তা বাজার / ডি.এস