মডেলকে গণধর্ষণের ঘটনায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন জেলহাজতে

পঞ্চগড়ের বোদায় মডেল সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া বোদা উপজেলা যুব মহিলা লীগের সাময়িক বহিস্কৃত সাধারণ সম্পাদক আবিদা সুলতানা ওরফে লাকী ও তার সহযোগি সাজ্জাদ হোসেন ওরফে মিলনকে রিমান্ড শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

রিমান্ড শেষে পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া জানান, রিমান্ডে গ্রেফতার ওই নারী তার বাড়িতে অনৈতিক কাজের কথা স্বীকার করেছে। ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা মিলেছে। ঘটনার সাথে কারা কারা জড়িত ছিল তাদের কয়েকজনের নাম ঠিকানা জানা গেছে। তাদের আটকের চেষ্টা অব্যাহত আছে। সকল আসামি শনাক্ত হলে দ্রততম সময়ের মধ্যে আদালতে চার্জশীট জমা দেয়া হবে। এছাড়া রিমান্ডে তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলেও তিনি জানিয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব পরিচয়ের জের ধরে গাজীপুরের কালিয়াকৈর এলাকার এক তরুণীকে মিউজিক ভিডিও’র সুটিং করার জন্য গত ১৪ জুলাই সকালে বোদায় নিয়ে আসে বোদা পৌরসভার ঝিনুকপাড়া গ্রামের সাজ্জাদ হোসেন মিলন। মিলন ওই তরুণীকে বোদা উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকীর বোদা পৌর এলাকার থানাপাড়াস্থ বাড়িতে রাখে। রাতে ওই বাড়িতেই সাজ্জাদসহ ৪-৫ জন তাকে ধর্ষণ করে। পরদিন ১৫ জুলাই তাঁকে বোদা পৌরসভার ভাসাইনগর এলাকার এক বাড়িতে নিয়ে গিয়ে আবারও কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। ওই রাতেই ওই মডেল পালিয়ে বোদা থানায় হাজির হয়ে ঘটনা খুলে বলে এবং নিজে বাদী হয়ে সাজ্জাদ হোসেন ওরফে মিলন, বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা ওরফে লাকী ও বোদা নগরকুমারী এলাকার বাসিন্দা জসীম উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে বোদা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

মামলার পর বোদা থানা পুলিশ আবিদা সুলতানা লাকী ও সাজ্জাদ হোসেন মিলনকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬ জুলাই গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। গত ২৪ জুলাই পঞ্চগড় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানী শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে এ ঘটনায় মামলা দায়ের ও গ্রেপ্তার হওয়ায় গত ১৭ জুলাই রাতে জেলা যুব মহিলা লীগের জরুরী সভায় বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা ওরফে লাকীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর