ধর্ষণের বিচার চাইতে গিয়ে আবারও ধর্ষণের শিকার!

গাজীপুরের শ্রীপুরে ধর্ষণের বিচার চাইতে যাওয়ায় আবারও ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাক শ্রমিক নারী। ওই ঘটনায় আজ (শনিবার) ভুক্তভোগী নারী বাদী হয়ে উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য ও উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আ. হেকিমের ছেলে কলিম উদ্দিন (৪০) এবং পিক-আপ চালক একই গ্রামের আ. খালেকের ছেলে পারভেজ আহম্মেদের (২৮) বিরুদ্ধে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। ৯ মাস আগে পিক-আপ চালক পারভেজের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৯ জুলাই পারভেজ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে একধিকবার ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে দিশেহারা ওই নারী কোনো উপায় না পেয়ে পারভেজের অপেক্ষায় ওই বাড়িতে অবস্থান করে। রাত ৮টার দিকে স্থানীয় ইউপি সদস্য কলিম উদ্দিন ঘটনাস্থলে গেলে তার কাছে বিস্তারিত খুলে বলেন ওই নারী। পারভেজের সাথে বিয়ে দেয়ার আশ্বাসে তাকে মোটরসাইকেলে তুলে নেন ইউপি সদস্য কলিম উদ্দিন। এরপর প্রায় দুই কিলোমিটার দক্ষিণে গজারী বনের ভেতরে পরিত্যাক্ত বাড়ির রান্নাঘরে নিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে কলিম উদ্দিন মেম্বার।

ভুক্তভোগী জানান, মেম্বার কলিম উদ্দিন ধর্ষণ শেষে তাকে ২০ হাজার টাকার দেওয়ার কথা বলে ঘটনার আপোস করার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে চলে যান তিনি। বিষয়টি আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শ করে মামলা করতে বিলম্ব হয়েছে বলেন মামলার বাদি।

শ্রীপুর থানার পরিদর্শক মো. মনিরুজ্জামান খান বলেন, ‘ধর্ষণের ঘটনায় ভিক্টিম পোশাক শ্রমিক বাদী কাওরাইদ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য কলিম উদ্দিন (৪০) এবং তার পিক-আপ চালক পারভেজ আহমেদের বিরুদ্ধে মামলা করেছেন। শনিবার দুপুরে নয়া পাড়া এলাকা থেকে পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর