ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ (শনিবার) বিকাল ৫টার দিকে তালশহর রেলওয়ে স্টেশনের কাছেই এই ঘটনাটি ঘটেছে। তবে এতে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ট্রেনটির এটেন্ডেন্ট মুন্না জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর ‘ট’ ও ‘ঠ’ বগির সংযোগস্থলে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই ট্রেনে থাকা সিলিন্ডার দিয়ে নেভানো হয়।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি শাকিউল আজম জানান, জেনারেটরের ক্যাবলে ত্রুটির কারণে দুই বগির সংযোগস্থলের রাবারে আগুন লাগে। পরে রেলের গার্ড এবং পুলিশ সম্মিলিতভাবে আগুন নেভায়। পরে ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে থামার পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর সন্ধ্যা ৬টার কিছু আগে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বার্তাবাজার/এসজে