পটুয়াখালীর গলাচিপায় জাল টাকা ও আগ্নেয়াস্ত্রসহ শাহীন মাতুব্বর (৩২) নামের একজনকে আটক করেছে র্যাব-৮ এর একটি দল। এসময় তার সাথে থাকা একটি শুটারগান, তিন রাউন্ড গুলি ও ৫০০ টাকার তিনটি জাল নোট জব্দ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে বরিশাল র্যাব-৮ এর সদর দফতর থেকে এসব তথ্য জানানো হয়।
আটককৃত শাহীন উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের সৈয়দকাঠি গ্রামের নুরুল আলম মাতব্বরের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার (২৪ জুলাই) সৈয়দকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার শাহিন মাতব্বর অস্ত্র ও জাল টাকা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে র্যাব-৮ এর কর্মকর্তা এএসপি মুকুর চাকমা জানান, শাহিন মাতব্বর অস্ত্র ও জাল টাকা ব্যবসার সঙ্গে জড়িত। ঈদ সামনে রেখে বিপুল পরিমাণ জাল টাকা গরুর হাটে ও বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল শাহিন মাতব্বরের। তাকে শনিবার গলাচিপা থানায় সোপর্দ করে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়েছে।
বার্তাবাজার/এসজে