সকল দুর্যোগে আওয়ামী লীগ সরকার আপনাদের পাশে আছে : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বাংলাদেশের একটা বন্যার্ত মানুষও না খেয়ে থাকবে না। যতদিন বন্যার পানি থাকবে, যতদিন আপনাদের কষ্ট থাকবে, যতদিন আপনারা ঘরে ঘুমাতে না পারবেন ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের ত্রাণ দিবে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় বানভাসী মানুষের পাশে আছে। বন্যায় যাদের ঘর-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সহোযোগিতা করবেন। সকল বিপদে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আপনাদের পাশে থাকবে। আমরা কথায় না কাজে বিশ্বাস করি।

শনিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। এসময় উপজেলার পিংনা ইউনিয়নের বালিয়ামেন্দা, ডাকাতিয়া মেন্দা, মিরকুটিয়া, নলসন্ধা, আওনা ইউনিয়নের কুলপাল, দৌলতপুর, পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া,
বিন্নাফৌর, মানিকপটল গ্রামসহ বিভিন্ন স্থানে নৌকাযোগে বাড়ি বাড়ি গিয়ে প্রায় ১২শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেন তিনি। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, মুড়ি, তেল, চিড়া, গুড়, স্যালাইন, পানি বিশুদ্ধ করন পাউডার ও লুডুলস দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, যুগ্ম সম্পাদক আব্দুল গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, স্বাধীনতা ডিপ্লে­ামা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ.ফ.ম ডা. শাহান শাহ মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, সুধিজন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর