লকডাউনে অভিবাসী শ্রমিক ইস্যুতে আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় সাক্ষাৎকার দেয়া মো. রায়হান কবিরকে দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। একইসঙ্গে দেশটিতে তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
ফলে তিনি আর কখনো মালয়েশিয়ায় ফিরতে পারবেন না।
এর আগে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এ খবর দিয়েছে মালয় মেইল।
খবরে বলা হয়, করোনা মহামারি চলাকালীন অবৈধ অভিবাসীদের সঙ্গে কর্তৃপক্ষের আচরণ নিয়ে আল-জাজিরায় কথা বলার পর মালয়েশিয়া সরকারের টার্গেটে পরিণত হন রায়হান কবির। তার বিষয়ে তথ্য পেতে বিবৃতিও দেয়া হয়। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ তাকে ধরতে দুই সপ্তাহ ধরে তল্লাশি চালায়। তাকে গ্রেপ্তারের পর দেশটি এখন তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
একইসঙ্গে রায়হান কবির যাতে আর কখনো মালয়েশিয়া ফিরে আসতে না পারেন সে জন্য তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। এতে সংস্থাটির মহাপরিচালক দাতুক খায়রুল দাউদ বলেন, রায়হান কবিরকে গ্রেপ্তারে অবদান রাখা সকল কর্মকর্তাদের তাদের প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাচ্ছি। এখন এই বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে নির্বাসিত করা হবে এবং কালো তালিকাভুক্ত করা হবে যাতে সে আর এদেশে প্রবেশ করতে না পারে।
বার্তাবাজার/কে.জে.পি