সালমান বেঁচে থাকলে ভক্তের এই উদ্যোগে খুশি হতেন: সামিরা

নব্বইয়ের দশকের জনপ্রিয় চলচ্চিত্র তারকা সালমান শাহের ‘অন্তরে অন্তরে’ সিনেমায় ব্যবহৃত একটি লাল রঙের টিশার্ট ও মাথার ব্যান্ড নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মামুনুর রেজা মামুন নামে এক ভক্ত।

প্রায় ২০ বছর ধরে সালমানের এই টিশার্ট ও ব্যান্ডটি সংরক্ষণে রেখেছেন তিনি। নিলামে পাওয়া অর্থ দিয়ে করোনাকালে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে চান এই সালমানভক্ত।

এই বিষয়ে ক্ষোভ জানিয়েছে তার পরিবার। বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি সালমান শাহের মা নীলা চৌধুরী। সালমানের ব্যবহার্য সব জিনিসপত্র তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করে মামুন বরাবর উকিল নোটিশ পাঠিয়েছেন তিনি।

কিন্তু বিষয়টিতে একেবারেই ভিন্নমত দিয়েছেন প্রয়াত নায়কের সাবেক স্ত্রী সামিরা। তার মতে, চমৎকার এক উদ্যোগ নিয়েছেন সালমান শাহের সেই ভক্ত।

এক গণমাধ্যমকে সামিরা জানিয়েছেন, মামুন নামের ভক্ত যে উদ্যোগ নিয়েছে তা আমার ভালো লেগেছে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি করোনায় অসহায় হয়ে পড়াদের সাহায্য করবেন। এর চেয়ে সুন্দর আর কী হতে পারে! আজ সালমান বেঁচে থাকলে তিনিও তার ভক্তের এই চমৎকার উদ্যোগে খুশি হতেন বলে আমি মনে করি। কারণ সালমান শাহের মন ছিল অনেক বড় আর সুন্দর।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর