কক্সবাজারের টেকনাফে বিজিবি সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা, এক রাউন্ড তাজা কার্তুজ ও একটি ধারালো কিরিছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিবিজি’র তিন সদস্য আহত হয়েছে বলেও তারা দাবি করছে বিজিবি।
শনিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী ছ্যুরি খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উখিয়া উপজেলার বালুখালী ১নং রোহিঙ্গা ক্যাম্প এইচ/৩৯ ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে মো. ফেরদৌস (৩০) ও একই ক্যাম্পের এইচ/২০ ব্লকের মৃত সৈয়দ আহমদের ছেলে আব্দুস সালাম (৩৫)।
২বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফয়সাল হাসান খান জানান, উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিওপির সদস্যরা টহল কালীন শনিবার ভোর রাতে মোচনীস্থ ছ্যুরি খাল এলাকা দিয়ে কয়েক ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ কালে জওয়ানদের ধাওয়া করে। এসময় বিজিবিকে লক্ষ্য করে তারা গুলি ছুঁড়ে।
আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করা হয়। পরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দিলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জব্দকৃত ইয়াবা ও অস্ত্র টেকনাফ সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।
কেএস/বার্তাবাজার