ব্যবসায়ী আক্তার হত্যা: কাউন্সিলর আলমগীরকে যুবলীগ থেকে বহিষ্কার

কুমিল্লায় বহুল আলোচিত ব্যবসায়ী আক্তার হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর আলমগীর হোসেনকে অবশেষে কুমিল্লা মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এ বহিষ্কারাদেশ জারি করেন।

আজ শনিবার(২৫ জুলাই) কুমিল্লা মহানগর যুবলীগের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশে জানানো হয়, আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃংখল সংগঠন। সম্প্রতি কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আলমগীর হোসেনের বিরুদ্ধে আলোচিত ব্যবসায়ী হত্যাকাণ্ডসহ নানা অপরাধমূলক এবং আইন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ কারণে বিতর্কিত এ কাউন্সিলরকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, গত ১০ জুলাই জুমার নামাজের পর কুমিল্লা নগরীর চাঙ্গনী এলাকার বাসিন্দা ব্যবসায়ী আকতার হোসেনকে মসজিদ থেকে বের করে, শতশত মানুষের সামনে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় কাউন্সিলরকে প্রধান আসামি করে, তার পাঁচ ভাইসহ মোট ১০ জনের নামে মামলা করেছে নিহতের স্ত্রী রেখা বেগম। তাদের মধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর