কিশোরগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জেসমিন আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছে। আজ (শনিবার) সকাল সাড়ে ১১টার দিকে কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার জামালপুর জেলার দেওয়ানগঞ্জের হাফিজ উদ্দিনের স্ত্রী।

কটিয়াদী হাইওয়ে পুলিশ জানায়, আজ (শনিবার) সকালের দিকে সিলেট থেকে একটি প্রাইভেটকারে করে বাড়ি যাচ্ছিলেন জেসমিন আক্তার। প্রাইভেটকারটি কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় এলে একটি ট্রাকের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাক ও প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা জেসমিন আক্তারের মৃত্যু হয়।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর