হোক এবার ভিন্ন কিছু!

মুসলিম উম্মাদের প্রধান দুটি ধর্মীয় অনুষ্ঠান এর মধ্যে একটি ঈদুল ফিতর অন্যটি ঈদুল আযহা। সারা বিশ্বব্যাপী করোনা নামক এক অদৃশ্য ব্যাধি যখন আমাদেরকে তাড়া করে চলছে ঠিক তারই মাঝে পালিত হয়েছে ঈদুল ফিতর। আর অন্য দিকে ঈদুল আযহা আসন্ন। দেশব্যাপী এক হাহাকার অবস্থা। ব্যবসা কিংবা চাকরি সবকিছুই বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

অন্যদিকে দেশের মানুষ বন্যা কবলিত। সবমিলিয়ে শোক যেন পিছু ছাড়ছে না।মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষগুলো যেন মৃত্যুর পূর্বেই এক মৃত্যু দেখে ফেলছে! কর্মসংস্থান হীন মানুষ গুলোর দুবেলা দুমুঠো খাবারের নিশ্চয়তাও যেন নেই।

এমন পরিস্থিতির সাথে আমরা কেউ পূর্ব পরিচিত নই। এটা একটা নতুন সমস্যা। শুধু আমাদের সমস্যা নয়। সমগ্র বিশ্বের সমস্যা। প্রতিবছর ইদ এক আনন্দের বার্তা বহন করে। কিন্তু এবছরের ইদ কোনো আনন্দ নিয়ে আসেনি আমাদের মাঝে। এসেছে বিচ্ছেদ কিংবা কষ্টের ঝুড়ি নিয়ে। তাই আসুন না, সুখ না হোক কষ্টটাই ভাগাভাগি করি।

যাদের অন্তত সামর্থ্য আছে তারা পাশে দাঁড়াই বন্যা কবলিত মানুষ গুলোর পাশে। অথবা যারা খাদ্যের সংকটে থেকেও মুখ ফুটে বলতে পারছে না তাদের পাশে। যার মাত্র সম্বল দুটি পশু নিয়ে বন্যা কবলিত, তার কাছ থেকে কিনে নেই কোরবানি দেওয়ার জন্য। আর সেটা আল্লাহর নামে কোরবানি দিয়ে উপহার হিসেবেই পাঠাই মধ্যবিত্ত সেই পরিবার গুলোকে যাদের কর্মসংস্থান নেই করোনা পরিস্থিতি তে। এতে দুটি কাজই সম্পন্ন হবে, প্রথমত ওয়াজিব টুকু আদায় হবে আর দ্বিতীয়ত আপনার দ্বারা কিছু অসহায় পরিবার উপকৃত।

সদ্য বন্যা কবলিত বিভিন্ন এলাকায় খবর নিলে জানা যাবে বিক্রির জন্য অনে কোরবানির পশু বন্যা কবলিতদের কাছে আছে। কিন্তু আর্থিক সংকটে তারা যেখানে নিজেই খেতে দায়, সেখানে পশু খাদ্য যোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আর আপনি যখন তাদের কাছ থেকেই কোরবানির পশু কিনবেন, তখন তাদের যে কতটা উপকার হবে তা হয়ত এসময় আমরা উপলব্ধি করতে পারছি না।

অন্যদিকে আপনার কোরবানিকৃত মাংস যেই পরিবার গুলোর কাছে পৌঁছাবে তাদের আনন্দটুকু হয়ত সীমাহীন হবে। তৈরী হবে এক সম্প্রতি।সামাজিক বন্দনগুলো হবে দৃঢ়। সম্মান এর জায়গা গুলো হবে অান্তরিক। এটাই তো কোরবানির লক্ষ্য। কামিনী রায় এর সেই কথা গুলো বাস্তবে প্রতিফলিত হবে, ” সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। ”

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর