যশোরের অভয়নগরে ভৈরব নদে নাঈম শেখ (২২) নামের এক ডুবুরি নিখোঁজ হয়েছেন। মেসার্স তারানা ঘাটে জাহাজ চলাচলের সুবিধার জন্য বোল্ডার অপসারণ করতে গিয়ে তিনি নিখোঁজ হন বলে জানা গেছে।
শুক্রবার দুপুর ২টার নদে বোল্ডার অপসারণের জন্য ডুব দেয়ার ৬ ঘণ্টা অতিবাহিত হলেও ডুবুরি নাঈমের সন্ধান পাওয়া যায়নি।
তারানা ঘাটের সর্দার জিল্লুর রহমান জানান, শুক্রবার দুপুরে তারানা ঘাট কর্তৃপক্ষ ঘাটে জাহাজ চলাচলের সুবিধার্থে ভৈরব নদে থাকা বোল্ডার অপসারণ করার জন্য (১০-১৫ ফুট পানির নিচে বোল্ডারে দড়ি বাঁধতে) পানিতে নামেন তিনজনের ডুবুরিদল। পানিতে ডুব দেয়ার কিছুক্ষণ পর তিনজন ডুবুরির দলের মধ্যে দুইজন পানি থেকে উঠে আসলেও নাঈম শেখ পানি থেকে উঠে আসেনি। পরে ঘাট কর্তৃপক্ষ স্থানীয় নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ হওয়া ডুবুরিকে খুঁজতে শুরু করেন। এখন পর্যন্ত নিখোঁজ ডুবুরির কোন সন্ধান পাওয়া যায়নি।
নিঁখোজ নাইম শেখ খুলনার রূপসা এলাকার মিল্কি দেয়াড়া গ্রামের আবদুর রাজ্জাক শেখের ছেলে।
নিখোঁজ ডুবুরির দুলাভাই আসলাম মোড়ল অভিযোগ করে বলেন, পানিতে নামল তিনজন নিখোঁজ হয়েছে একজন। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এমনকি পানি থেকে উঠে তার শ্যালকের মোবাইল ফোন নিয়ে পালিয়েছে তারা।
খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিদলের লিডার আবুল বাশার ফকির বলেন, ‘নাঈম শেখ নিখোঁজের সংবাদে বিকাল ৩টায় তিন সদস্যের ডুবুরিদল পানিতে নেমে তল্লাশি চালাচ্ছিলেন। ভৈরব নদে পানির স্রোতের গতিবেগ বেশি থাকায় আমাদের উদ্ধার কাজ শেষ করতে পারিনি। উদ্ধার কাজ অব্যাহত থাকবে।’
বার্তা বাজার / ডি.এস