দাফনের ২৫ বছর পরেও নূরুজ্জামানের লাশ অক্ষত!

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নে ২৫ বছর আগে কবর দেয়া একটি লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ওই ইউনিয়নের বহল বাড়িয়ায় বাড়ি করার জন্য মাটি কাটতে গিয়ে লাশটির সন্ধান পাওয়া যায়। শুক্রবার মাটি কাটার শ্রমিকরা লাশটি উদ্ধার করেন।

জানা গেছে, ২৫ বছর আগে মারা যাওয়া ওই ব্যক্তির নাম নুরুজ্জামান। তিনি মনোহর মিস্ত্রির ছেলে। তাঁর অক্ষত মৃতদেহ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অক্ষত অবস্থায় ২৫ বছরের পুরানো মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই এলাকায় ভিড় করে।

স্থানীয়রা জানান, বহলবাড়িয়া গ্রামের আতর আলীর ছেলের বাড়ি তৈরির জন্য মাটি কাটতে গিয়ে মৃতদেহ দেখতে পায় মাটি কাটার শ্রমিকরা। পরে স্থানীয়রা এসে মৃতদেহ শনাক্ত করে। সন্ধ্যায় বহলবাড়িয়া কবরস্থানে নুরুজ্জামানের লাশ পুনরায় দাফন করা হয়।

মৃত নুরুজ্জামানের মামাতো ভাই সানোয়ার লাশ শনাক্ত করেন। তিনি বলেন, নুরুজ্জামান একজন সৎ কাপড়ের ব্যবসায়ী ছিলেন।প্রায় ২৫ বছর আগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ডাকাতদল তাকে ধরে কুমারখালী গড়াই নদীর পাড়ে মুখের মধ্যে বিষাক্ত পলিথিন ও গামছা দিয়ে অজ্ঞান করে মালামাল লুট করে ফেলে রেখে চলে যায়।পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে নদীর পাড় থেকে উদ্ধার করা হয়। প্রায় এক মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তাকে বাড়ির পাশের বাগানে দাফন করা হয়। শুক্রবার নিহতের চাচাতো ভাই বাড়ি করার জন্য মাটি কাটতে গেলে পুনরায় মৃতদেহটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।

চৌরঙ্গী তদন্তের কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর