ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পরিবহন করার ব্যবসা নিয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ আহত হয়েছেন ৪ জন। শুক্রবার (২৪ জুলাই) বিকালের দিকে দফায় দফায় এই সংঘর্ষ ঘটে।
আহতরা হলেন, মো: সাজ্জাদ (২৬), আয়েশা (৩৪), মোস্তফা (২৮) এবং আল-আমিন (২০)।
জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এর পাশে লাশ পরিবহন করার জন্য অ্যাম্বুলেন্স রাখা নিয়ে ঢামেক ইউনিট আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সভাপতি খালেক গ্রুপ ও রমিজ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় ওই চারজন। সংঘর্ষের কারণে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যহত হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এঘটনায় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শাহবাগ থানা পুলিশ খালেক, রমিজ ও আলমকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নিয়ে গেছেন। মেডিকেল এলাকায় কয়েকজন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বার্তাবাজার/এসজে