পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের একদিন পর মাশরাফি ইসলাম অপু (৯) নামে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বোদা উপজেলার সমশেরনগর বেলতলী এলাকার পাথরাজ নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
অপুর বাড়ি বোদা উপজেলা সদরের থানাপাড়া এলাকায়। সে ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে। বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়তো অপু।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে অপুর খোঁজ পাচ্ছিল না পরিবারের লোকজন। এক পর্যায়ে তার পরিবার থেকে মাইকিং করা হয়। কিন্তু তারপরও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সন্ধ্যায় পাথরাজ নদীর সমশেরনগর বেলতলী এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয় স্থানীয়রা। পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তার বাড়িতে গিয়ে লাশের সুরতহাল করে।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া বলেন, ওই শিশুর মরদেহের সুরতহালে মুখ ও নাক দিয়ে রক্ত বের হওয়া ছাড়া শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি। শিশুটির বাবা ঢাকা থেকে আসছেন। তিনি আসলেই তার সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বার্তা বাজার / ডি.এস