এমপি’র হস্তক্ষেপে তালতলীতে হচ্ছে পুর্ণাঙ্গ হাসপাতাল

বরগুনার সর্ব দক্ষিণের অত্যন্ত দুর্গম জনপদ তালতলী উপজেলা। এ উপজেলার মানুষ প্রতিনিয়ত স্বাস্থ্য সমস্যায় ভোগেন। অথচ উপজেলায় নেই কোনো হাসপাতাল, নেই কোনো অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জরুরী ‍চিকিৎসার কোন ব্যবস্থাই নেই এখানে।

এরই প্রেক্ষিতে বরগুনার তালতলীতে পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাবিতে গত ১৩ই জুলাই সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গুরুত্বপূর্ন ১৩টি স্থানে একযোগে প্রায় লক্ষাধিক মানুষ মাস্ক পরে, সামাজিক দুরত্ব বজায় রেখে মানববন্ধন কর্মসূচী পালন করে।

অবশেষে তালতলী উপজেলার প্রায় তিন লক্ষধিক মানুষের প্রাণের দাবি বাস্তবায়ন হতে চলছে। পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাচ্ছে তালতলীর জনগন। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টেলিফোনে বরগুনা ০১ (বরগুনা,আমতলী,তালতলী) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে এমপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের স্থায়ী কমিটির সভাপতি ও বরগুনা ০১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর মাধ্যমে এক স্মারকলিপি ও গণস্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। একইসাথে বরগুনা সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরে এই স্মারকলিপি ও গণস্বাক্ষর পাঠানো হয়।

পরে বরগুনা ০১ আসনের সাংসদ এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ফোন করার পরে স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এবিষয়ে সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বার্তা বাজারকে বলেন, যুগ যুগ ধরে এ এলাকার মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে। আর কষ্ট করতে হবে না, অসুস্থ হলে দূরে যেতে হবে না। সুখে শান্তিতে থাকবে তালতলীবাসী। আমার বরগুনার মানুষ সব-সময় সুখে থাকুক এটা আমি চাই। এবং সুখে-দুঃখে সব সময় জনগনের পাশে থাকবো।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর