গার্মেন্টস মালিকরা পাচ্ছেন আরও ৩ হাজার কোটি টাকা

মহামারী করোনায় সৃষ্ট সংকট নিরসনে গঠিত বিশেষ তহবিল থেকে আরও ৩ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছেন পোশাক ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের মালিকরা। কারখানায় কর্মরত কর্মীদের জুলাই মাসের বেতন পরিশোধের জন্য তাদেরকে এই ঋণ দেয়া হচ্ছে। তবে কেবল মাত্র তাদেরকেই এই ঋণ দেয়া হচ্ছে, যারা জুনে উদ্যোক্তা ঋণ পেয়েছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংককে দেয়া চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, শেষবারের মতো চলতি মাসের মজুরি দিতে তহবিল থেকে ঋণ পাবেন গার্মেন্টসহ রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের মালিকরা। গত জুনে যেসব উদ্যোক্তা ঋণ পেয়েছিলেন, তার বাইরে নতুন কেউ পাবেন না। ওই ঋণের বিপরীতে প্রথম তিন মাসের সার্ভিস চার্জ ২ শতাংশ। চলতি মাসের ক্ষেত্রে অবশ্য সেটি হবে সাড়ে ৪ শতাংশ। এক্ষেত্রে সরকার সাড়ে ৪ শতাংশ ভর্তুকি দেবে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আরও তিন মাস শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা দেয়ার জন্য সরকারের কাছে বিশেষ তহবিল থেকে ঋণ চেয়ে আবেদন করেন গার্মেন্টস মালিকরা। এর প্রেক্ষিতে একমাস অর্থাৎ চলতি মাসের বেতন-ভাতা দেয়ার জন্য তাদের আরও তিন হাজার কোটি টাকা দেয়া হচ্ছে।

ফলে করোনার ক্ষত কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানের জন্য ঘোষিত ৩০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বাড়িয়ে ৩৩ হাজার কোটি টাকা করা হল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর