রংপুর নগরীর সেবা হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালের মালিক ভুয়া চিকিৎসক রফিকুল ইসলামকে অবৈধ কাগজপত্রসহ আটক করেছে র্যাব। এসময় সিলগালা করা হয়েছে ওই হাসপাতালটি।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা সোয়া ৩টার দিকে র্যাব-১৩ এ অভিযান চালিয়েছে।
এতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিনা জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে আটক ভুয়া চিকিৎসক রফিকুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করাসহ অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিনা জাহান। এসময় বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতালটি সিলগালা করা হয়।
এ ব্যাপারে র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান জানান, সেবা হাসপাতালটির মালিক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক দাবি করে রোগীদের হয়রানি, বেশি করে বিল আদায় করাসহ প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। একই সাথে ওই ভুয়া চিকিৎসককে এক লাখ জরিমানা করা হয়।
বার্তাবাজার/কে.জে.পি