দুই দিন আগেই কাশ্মীর প্রসঙ্গ নিয়ে শেখ হাসিনার সঙ্গে কথাপোকথনে তুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করা হলে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রণালয়ের মুখপাত্র।
অনুরাগ শ্রীবাস্তব বলেন, বাংলাদেশ সর্বদা বলে এসেছে জম্মু-কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। প্রসঙ্গত ভারতও সর্বদা এই কথা বলে এসেছে। ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন যে কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চাই এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য। একই সঙ্গে সার্ক প্রসঙ্গে বাংলাদেশের সহযোগিতা চান ইমরান খান।
এই প্রসঙ্গে অনুরাগ শ্রীবাস্তব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আছে বহুদিন ধরে। যেভাবে বাংলাদেশ অবস্থান নিয়েছে যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু, এটাকে আমরা খুবই প্রশংসা করি।
এদিন চট্টগ্রাম হয়ে কলকাতা থেকে আগরতলা যাওয়া কন্টেনার কারগোর প্রসঙ্গও তোলেন তিনি।
এসময় তিনি জানান, যে এটি ঐতিহাসিক কারণ এতে দুই দেশের সামুদ্রিক ও অর্থনৈতিক লেনদেন আরও সুদৃঢ় হচ্ছে। এবার থেকে ভারতের উত্তরপূর্বে মাল যেতে পারবে বাংলাদেশের চট্টগ্রাম ও মঙ্গলা বন্দর দিয়ে। এই সংক্রান্ত কথা পাকা হয়েছিল হাসিনার ভারত সফরের সময়।
অনুরাগ বলেন, এতে ভারতের সুবিধা, বাংলাদেশের খাতেও অতিরিক্ত রাজস্ব আসবে। সূত্র: হিন্দুস্তান টাইমস
বার্তাবাজার/কে.জে.পি