দেশের সকল পর্যায়ের কওমী মাদ্রাসা আগামী ৮ আগস্ট থেকে আবারও খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। সরকারের অনুমতি না পেলেও তারা এই তারিখেই মাদ্রাসা খুলবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সংস্থাটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংস্থার দফতর সম্পাদক আছিউর রহমান সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ জুলাই) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে সংস্থাটির কো-চেয়ারম্যান মাওলানা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর আগামী ৮ আগস্ট থেকে সারাদেশের সব কওমি মাদ্রাসা খুলবে। সারাদেশে ৬টি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আগামী ৮ আগস্ট থেকে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চালু করার ব্যাপারে সার্কুলার জারি করবে।
সভায় উপস্থিত ছিলেন, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামীদ ( মধুপুর পীর), মাওলানা আবু তাহের নদভী, মুফতি শাসমুদ্দীন জিয়া, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা এনামুল হক, মুফতি আরশাদ রাহমানী, মাওলানা মাহমুদুল আলম, মুফতি মোহাম্মাদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মুফতি জসিমুদ্দীন, মুফতি নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা উসামা আমীন, মাওলানা তাসনীম প্রমুখ। সূত্র-যুগান্তর।
বার্তাবাজার/এসজে