চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাঙ্কের পানি পরিষ্কার করতে নেমে প্রাণ গেল ২ জনের

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কের পানি পরিষ্কার করতে নেমে গৃহকর্তার মেয়ে আসমা খাতুন (১৬) ও দোকান কর্মচারি হাসিবুল ইসলামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারপাড়ার এরশাদুল ইসলাম (ইশাদুল) মুদি দোকানি। বাড়ির একাংশে নতুন করে নির্মাণ করছেন সেপটিক ট্যাঙ্ক। দু’দিনের বৃষ্টির পানি ওই ট্যাঙ্কে জমে। এরশাদুল ইসলামের (ইশাদুল) মেয়ে আসমা খাতুন পানি পরিষ্কার করতে নিচে নামে। ট্যাঙ্কে নেমে আর উঠছে না দেখে তাকে তুলতে ওই ট্যাঙ্কে নামে দোকান কর্মচারী হাসিবুল ইসলাম। খবর পেয়ে কার্পাডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ দ্রুত ঘটনাস্হলে ছুটে যান। দুজনে সাড়া না পেলে স্থানীয়রা দর্শনা ফায়ার সার্ভিসে খবর দেন। দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে ট্যাঙ্কে বাতাস সরবরাহ করার পর দুজনের মৃতদেহ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা বলেছেন, সেফটি ট্যাঙ্কে বিষাক্ত গ্যাস তৈরি হয়। ওই গ্যাসের কারণে সেখানে অক্সিজেন থাকে না। নিচে নেমে দম বন্ধ হয়ে মারা যায়। এক্ষেত্রেও তেমনটিই ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুজনের আকস্মিক মৃত্যুতে এলাকার পরিবেশ ভারী হয়ে যায়। স্বজনদের আহাজারীতে কেউই চোখের জল ধরে রাখতে পারেনি। লাশের ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর