মির্জা ফখরুলরা সঠিকভাবে দুর্যোগ মোকাবিলা করতে পারেন নি: তথ্যমন্ত্রী

মির্জা ফখরুল সাহেবরা যখন ক্ষমতায় ছিলেন, তখন তারা সঠিকভাবে দুর্যোগ মোকাবিলা করতে পারেন নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকরা করোনা মোকাবিলায় সরকারের ব্যবস্থাপনা বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুপ মন্তব্যের দৃষ্টি আকষর্ণ করলে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় ড. হাছান মাহমুদ বলেন, ‘৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় তাদের (বিএনপি) ব্যর্থতা দেখেছি। তাদের সিদ্ধান্তহীনতা এবং ঘূর্ণিঝড়ের পরে সরকারের সঠিক কার্যক্রমের অভাবে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল, হাজার হাজার কোটি টাকার সম্পদহানি হয়েছিল। তাদের আমলে ২০০৪ সালে বন্যার সময় দেশের মানুষ অনাহারে মৃত্যুবরণ করেছিল, ঢাকা শহরে সমস্ত জায়গায় পানি উঠেছিল। তারা সেই বন্যাও সঠিকভাবে মোকাবিলা করতে পারেনি। তারা যখনই ক্ষমতায় ছিল কোনো দুর্যোগই সঠিকভাবে মোকাবিলা করতে পারেনি।’

বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব ও বিএনপি নেতারা একই সমালোচনার বাঁশি বহুদিন ধরেই বাজাচ্ছেন, তাদের কাছে একই ঢোলের আওয়াজ আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, পৃথিবীতে যে ক’টি দেশে করোনাভাইরাসে মৃত্যুহার খুব কম, তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। এমনকি ভারত, পাকিস্তানের চেয়েও বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার অনেক কম। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণেই এটি সম্ভবপর হয়েছে।’

অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তার বলিষ্ঠ সাহসী এবং দুরদর্শী নেতৃত্বে সবসময় যেকোনো দুর্যোগ সঠিকভাবে মোকাবিলা করে দেখিয়েছেন এবং সেই সক্ষমতার জন্য তিনি আন্তর্জাতিকভাবেও নানা পুরস্কারে ভূষিত হয়েছেন, উল্লেখ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘১৯৯৮ সালে দেশের ৭৫ ভাগ এলাকা পানির নিচে চলে গিয়েছিল, তিনমাস বন্যার পানি ছিল, বাংলাদেশে মানুষ অনাহারে মৃত্যুবরণ করেনি। ২০০৭ সালের সিডর, ২০০৯ সালের আইলাসহ অনেক দুর্যোগের সফল মোকাবিলার কথা আপনারা জানেন। আমরা ক্ষমতা আসার পর গত সাড়ে ১১ বছরে বহুবার বন্যা হয়েছে, এবছরও ঘূর্ণিঝড় হয়েছে, তখন কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী নির্ঘুম রাত কাটিয়ে সেই ঘূর্ণিঝড় মোকাবিলা করেছেন, মানুষকে ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা করা, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে ত্রাণ তৎপরতা চালিয়ে তাদেরকে রক্ষা করার দায়িত্ব তিনি পালন করেছেন।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর