করোনা এবং বন্যা দুটোই এখন বাংলাদেশের বড় সমস্যা। আর এ বন্যা নিয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি’র উদ্দেশ্যে বলেছেন, ‘বন্যা-দুর্যোগ মোকাবিলায় নিজেরা কি করেছেন, সেই চেহারাটা ভালোভাবে আয়নায় দেখুন। শুধু সিদ্ধান্তের অভাবে তাদের আমলে ১৯৯১ সালের ঘুর্ণিঝড়ে লাখ লাখ প্রাণ ও বিপুল সম্পদহানিসহ বিমান বাহিনীর এক ডজনেরও বেশি বিমান চট্টগ্রাম বিমানবন্দর থেকে না সরানোর কারণে ধ্বংস হয়েছে।’
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকরা সরকারের বন্যা মোকাবিলার বিষয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরূপ মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী একথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘১৯৯১’র ঘুর্ণিঝড়ে আড়াই থেকে তিন লাখ মানুষের মৃত্যু হয়েছে। এরপরও নির্লজ্জের মতো সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন- ‘যত মানুষ মারা যাওয়ার কথা, তত মারা যায়নি’। পরিবার ও নেত্রী গুরুজনদের শ্রদ্ধা করতে শিখিয়েছেন, সেকারণে লজ্জায় বলতে না চাইলেও এটা সত্যি যে, লাশের গন্ধ বাতাসে ভাসা সেই সময়ে একজন বিদেশি অতিথির আগমণে একদিনে বেগম জিয়ার সাতবার শাড়ি বদলের ঘটনা জনগণ ভোলে নি।’
অন্যদিকে ১৯৯৮ সালের বন্যা প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, ‘৯৮ এর বন্যায় দেশের প্রায় শতকরা পঁচাত্তর ভাগ এলাকা প্লাবিত হয়েছিল, বিবিসি ও অন্যান্য দেশি-বিদেশি গণমাধ্যমগুলো তখন লাখ লাখ মানুষের মৃত্যুর আশংকা প্রকাশ করেছিল। জননেত্রী শেখ হাসিনা তখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছিলেন। সব শংকা-আশংকা ভুল প্রমাণ করে তিনি অত্যন্ত সফলভাবে সেই বন্যা মোকাবিলা করেছেন এবং অনাহারে কেউ মারা যায় নি।
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানীর বেহাল অবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ঢাকা শহরে আগের ছেয়ে জলাবদ্ধতা কমে এসেছে এবং এর পূর্ণ নিরসনে ওয়াসা গত বছর থেকে ১০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে যার সমাপ্তি হলে এই সমস্যা থাকবে না।
কেএস/বার্তাবাজার