৫ টাকার জন্য দাদীকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত নাতি

টাঙ্গাইলের গোপালপুরে মাত্র ৫ টাকার জন্য দাদীকে কুপিয়ে হত্যা করেছে রিপন নামের এক মাদকাসক্ত নাতি। বৃহস্পতিবার (২৩ জুলাই) আদালতে দাদী হেনা বেগমকে হত্যার কথা শিকার করেছে অভিযুক্ত রিপন।

এর আগে গত বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার সেনেরমাকুল্যা গ্রামে রান্নাঘরে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন হেনা বেগম (৭০)। তিনি গ্রামের তালেব আলী মণ্ডলের স্ত্রী।

পুলিশ জানায়, দুপুরে হেনা বেগম বাড়িতে একা ছিলেন। তাঁর স্বামী ও ছেলে বাড়ির বাইরে ছিলেন। বেলা দুইটার দিকে তাঁরা বাড়ি ফিরে রান্নাঘরে হেনা বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় তাঁর ছেলে অনিক বাদী হয়ে থানায় মামলা করেন।

গোপালপুর থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার সন্ধ্যায় একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে রিপনকে (২৫) আটক করা হয়। রিপনের বাবা নিহত হেনা বেগমের ভাতিজা। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রিপন কুপিয়ে হেনা বেগমকে হত্যার কথা স্বীকার করেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁদের বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত দা জব্দ করা হয়

আদালত ও পুলিশ সূত্র জানায়, জবানবন্দিতে রিপন জানিয়েছেন, তিনি হেনা বেগমের কাছ থেকে কিছুদিন আগে পাঁচ টাকা ধার নিয়েছিলেন। দুপুরে রান্না করার সময় রিপন সিগারেট ধরানোর জন্য তাঁর কাছে আগুন চাইতে যান। হেনা বেগম পাওনা টাকা চেয়ে কটূক্তি করায় রিপন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি দা দিয়ে হেনা বেগমকে কুপিয়ে ফেলে রেখে যান। সূত্র-প্রথম আলো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর