আপাতত কোনও ভোটে ইভিএম ব্যবহার হচ্ছে না

আপাতত কোন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ সিদ্ধান্ত নেয় ইসি। এক্ষেত্রে ব্যালট পেপারেই ভোটগ্রহণ করা হবে। গত ১৪ জুলাই বগুড়া-১ এবং যশোর-৬ অনুষ্ঠিত উপ-নির্বাচনের ভোটেও ইভিএম ব্যবহার থেকে বিরত ছিলো ইসি।

এবিষয়ে নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর জানান, ইভিএমে মেশিনে ভোট নিতে গেলে একই মেশিন অনেককে ব্যবহার করতে হয়। এতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই আপাতত ইভিএমে ভোট না করে, ব্যালট পেপারে ভোট করার সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সামনে চারটি সংসদীয় আসনের উপ-নির্বাচন হবে। এগুলো হচ্ছে- ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসন, পাবনা-৪ ও সিরাজগঞ্জ-১ আসন। করোনার সংক্রমণের কারণে এসব আসনেও ইভিএম ব্যবহার করা হবে না।

এছাড়া স্থানীয় সরকারের নির্বাচনগুলো তো স্থগিত ঘোষণা করেছে ইসি। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করার কথা থাকলেও এ নির্বাচনটি করোনার কারণে মেয়াদ শেষ হওয়ার অর্থাৎ ৫ আগস্টের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয় বলে সিদ্ধান্ত দিয়েছে ইসি। এক্ষেত্রে করোনা পরিস্থিতি না কাটলে এ সিটিতে মেয়রের পরিবর্তে প্রশাসক নিয়োগ হতে পারে। বর্তমানে নির্বাচনে ইভিএম মেশিনগুলো ব্যবহার না হওয়ায়, কেবল রক্ষণাবেক্ষণেই মনোযোগ দিচ্ছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম জানান, ‘করোনাকালীন সাংবিধানিক বাধ্যকতার কারণে যেসব জায়গায় নির্বাচন হচ্ছে সেখানে ইভিএম ব্যবহার করা কঠিন। কেননা ইভিএমে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম। একটি মেশিনে একাধিক ব্যক্তির স্পর্শে করোনার সংক্রমণ ঘটতে পারে। এজন্য ইভিএম আপাতত ব্যবহার করা হচ্ছে না।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর