নির্মাণের একদিন পরই ভেঙে পড়লো স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীর!

নির্মাণ কাজ শেষ হওয়ার একদিন পরই ভেঙে গেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন প্রাচীর। এই স্বাস্থ্যকম্লেক্সের সংস্কার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগও ওঠে।

জানা গেছে, গত মাসে ১৪ লাখ টাকা ব্যয়ে কমপ্লেক্সের প্রাচীর ও গাড়ি রাখার গ্যারেজসহ কয়েকটি স্থানে সংস্কার কাজ শুরু হয়। আর কাজটি করছেন সিরাজগঞ্জ জেলার ঠিকাদারী প্রতিষ্ঠান জামিল কন্সট্রাকশন।

স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মচারী জানান, জামিল কন্সট্রাকশন কাজের শুরু থেকে অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করছে। বিষয়টি কমপ্লেক্সের কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু কর্মকর্তার অবহেলার কারণে ঠিকাদারের লোকজন দায়সারা কাজ করছে। যার কারণে কাজ শেষ হতে না হতেই প্রাচীর ভেঙে পড়েছে। এছাড়া ওই প্রাচীরের পিলার সংখ্যাও কম। আর বাকি কাজগুলোর প্রায় একই অবস্থা।

তবে ঠিকাদারী প্রতিষ্ঠানটির কর্ণধার রফিকুল ইসলামের বলেন, এখন বর্ষা মৌসুম চলছে। এর মধ্যে যে স্থানে প্রাচীর নির্মাণ করা হয়েছে সেখানে গভীর পানি। তার ওপর প্রাচীরের ওজন ও বৃষ্টিপাতের কারণে সে স্থানটি ধসে গেছে। তবে ওই স্থানে আবার সংস্কার করা হবে বলে জানান রফিকুল ইসলাম।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার বিষয়ে অবগত আছেন জানিয়ে বলেন, ‘এটা আমাদের প্রকৌশলী এসে তদন্ত করেছেন। তার প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নিবো।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর