ছোট নৌযান চলবে ঢাকার খালগুলো দিয়ে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঢাকার চারপাশের নদী তীরগুলো অবৈধ দখল মুক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ঢাকা শহরের চারপাশের নদী তীরের অবৈধ দখল মুক্ত করতে পেরেছি, দূষণমুক্ত করতে সক্ষম হব। দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রী মাস্টার প্লানের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। এলজিআরডি মন্ত্রণালয়ের নেতৃত্বে আমরা সমন্বিতভাবে কাজ করব। এর ফলে ঢাকার মধ্যকার খালগুলো দিয়ে ছোট ছোট নৌযান চলার সুযোগ হবে।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে বিআইডব্লিউটিএ কর্তৃক উদ্ধারকৃত স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরিদর্শনকালে তিনি পূর্বাচলের হরদি বাজার এলাকায় গাছের চারা রোপণ করেন।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, সদস্য (অপারেশন) নুরুল আলম এবং সদস্য (প্রকৌশল) ড. এ কে এম মতিউর রহমান এসময় মন্ত্রীর সাথে ছিলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘ঢাকা শহরের খালগুলো দখল ও দূষণমুক্ত করতে ঢাকা সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার যে ধরনের সাপোর্ট দেয়ার কথা ছিল সেটি গত দেড় বছরে পাইনি। বর্তমান ঢাকা দক্ষিণ সিটির মেয়র খালগুলোর দখল ও দূষণমুক্ত করতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছেন, শক্ত অবস্থানে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সমন্বিতভাবে কাজ করে খালগুলোর প্রবাহ ঠিক রাখতে পারব এবং দূষণমুক্ত করতে পারব। মাস্টারপ্লান অনুযায়ী কাজ হলে শুধু ঢাকার চারপাশে নয়, ঢাকার মধ্যকার খালগুলো দিয়ে ছোট ছোট নৌযান চলার সুযোগ হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নদীর সীমানা নির্ধারণ করে ফেলেছি। সীমানা পিলার, ওয়াকওয়ে, তীররক্ষা কার্যক্রম চলমান আছে। কাজ শেষ হলে ডকইয়ার্ডসহ অন্যান্য অবৈধ স্থাপনা সরে যেতে বাধ্য। ডকইয়ার্ড স্থানান্তর করা হবে, এক্ষেত্রে মালিকরা সহযোগিতা চাইলে তা দেয়া হবে।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর