চট্টগ্রামে অনলাইন জুয়ারি চক্রের ৫ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে অনলাইন জুয়ারি চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) শ্যামল কুমার নাথ।

পুলিশ জানায়, বাইনানি ডট কম, বাইনানি টুয়ান্টি ফোর ডট কম নামে বিভিন্ন ওয়েবসাইট এবং বাইনানিস, প্রোফি আইকিউ, বাইনানি গো এপস ব্যবহার করে সাধারণ জনগণ এবং উঠতি বয়সের ছেলে মেয়েদের টাকা ‘অনলাইন জুয়া’র মাধ্যমে প্রতারণা করে আত্মসাৎকারী আসছিলো একটি চক্র।

বেশ কিছু দিন আগে হতে তাদের ধরার চেষ্টা চলছিলো। যার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিম-০৩ গত মঙ্গলবার (২১ জুলাই) ও বুধবার (২২ জুলাই) নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটির ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আসিফ মহিউদ্দীন বলেন, প্রতারক চক্রটি সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বাইনানি ডট কম, বাইনানি টুয়ান্টি ফোর ডট কম নামক ওয়েবসাইট এবং বাইনানিস, প্রোফি আইকিউ, বাইনানি গো এপস ব্যবহার করে উঠতি বয়সের ছেলে-মেয়েদেরকে ‘অনলাইন জুয়া’ খেলার জন্য আকৃষ্ট করে একপর্যায়ে বিভিন্ন বিকাশ, রকেট ও নগদ নাম্বার ব্যবহার করে টাকা হাতিয়ে নেয়। বিভিন্ন এজেন্ট, ডিষ্ট্রিবিউটর হাউজের এস.আর, সুপারভাইভারদের অবৈধ পন্থায় খোলা বিকাশ, নগদ ও রকেট নাম্বারগুলো ব্যবহার করে ডলারে কনভার্ট করে অজ্ঞাতনামা সহযোগীর মাধ্যমে বিটকয়েন এ রূপান্তর করে ইউক্রেনে আর্ট স্ট্রং নামক ব্যক্তির নিকট পাঠিয়ে আসছে বলে জানিয়েছে গ্রেফতারকৃতরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি প্রাইভেটকার, তিনটি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, পাচঁটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল, বিভিন্ন কোম্পানীর ১৮ টি সিম, একটি এইট পোর্ট মডেম, দুইটি ব্যাংকের চেক বই, নগদ ২ লাখ ২২ হাজার ৫ শত টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিজয়গড়া এলাকার মৃত মো. নিজাম উদ্দিন ছেলে মো. শাখাওয়াত হোসেন প্রকাশ শাওন (২০), রাউজান উপজেলার নয়াপাড়া মৃত হাজী ছিদ্দিক আহামদের ছেলে মো.মনির আহমদ (৪০), বাশঁখালী উপজেলার পশ্চিম ইলশা মৃত মাহফুজুর রহমানের ছেলে মো.আরিফ উদ্দিন (৪০), নগরীর আকবরশাঁহ থানাধীন বিশ্বকলোনি এলাকার হানিফ খাঁনের ছেলে ফয়সাল খাঁন (৩২), নগরীর সদরঘাট থানাধীন উত্তর নালা পাড়া মৃত মো. হাবিবুল্লাহ মিয়া মো. জাবেদ মিয়া (৪০)।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর