যশোর কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামে এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় স্থানীয় বখাটেরা ওই ছাত্রীর দুই শিক্ষক চাচাকে মারপিট করে আহত করেছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় শিক্ষক ওহিদুজ্জামানকে (৩০)কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন চাচা বদরুজ্জামান (৪১)। আহত ব্যক্তিরা হলেন, কেশবপুর উপজেলার নতুনমূল গ্রামের বাসিন্দা।
ওহিদুজ্জামান কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয় ও বদরুজ্জামান কেশবপুর উপজেলার মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী পদে কর্মরত আছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষক ওহিদুজ্জামান বলেন, তার ভাতিজি কোমরপোল ফাজিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষে পড়াশুনা করে। মাদরাসায় যাওয়া আসার পথে কোমরপোল গ্রামের আবু তাহের (২৫) ও আবু খায়ের (২৩)তার ভাতিজিকে প্রায়ই উত্যক্ত করে। ঘটনা জানার পর বখাটেদের বিরুদ্ধে তাদের বাবার নিকট অভিযোগ করার পর বুধবার বিকেলে তাকে একা পেয়ে কোমরপোল গ্রামের রাস্তার উপর বখাটেরা তাকে বেদম মারপিট করে আহত করে। খবর পেয়ে তার মেঝ ভাই বদরুজ্জামান এগিয়ে এলে তাকেও মারপিট করে আহত করা হয়।খবর পেয়ে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে ওহিদুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বদরুজ্জামান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনা উল্লেখ করে রাতেই ওই ছাত্রীর বাবা কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, মারপিটের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এমকে