পঞ্চগড়ের সদর উপজেলায় নসিমন-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহসীন আলী (৩২) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আম-কাঠাল এলাকায় এ দূর্ঘনাটি ঘটে। নিহত মহসীন আলী সদর উপজেলার অমর খানা ইউনিয়নের ছোট কামার এলাকার মোকছেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে মহসীন আলী বাড়ি হতে পঞ্চগড় শহরের উদ্দেশ্য রওনা হলে হাফিজাবাদ ইউনিয়নের আম-কাঠাল এলাকায় একটি কাঠ বোঝাই একটি নসিমন তার মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটর সাইকেল সহ মহসীন রাস্তার ধারে ছিটকে পড়ে যায়। এ সময় মহসীন আলী মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হুমায়রা জানান, মহসীন মাথায় ও কানে গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছেন। তার প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ নসিমনের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এমকে