৭০ টাকার ইনজেকশন ২৫০০ টাকা: চিকিৎসক গ্রেফতার

রোগীদের ৭০ টাকার ইনজেকশন আড়াই হাজার টাকায় কিনতে বাধ্য করার অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল বুধবার (২২ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড মোড়ে সেইফল্যান্ড ডায়াগনস্টিক অ্যান্ড রিচার্স সেন্টারে ওই ডাক্তারের চেম্বার অভিযান চালায় র‌্যাব।

এসময় সেখান থেকে বিক্রির জন্য রাখা ৭৯টি বিভিন্ন রোগের ইনজেকশন জব্দ করা হয়েছে।

গ্রেফতার ডা. রবিউল আউয়াল (৪১) বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকড গ্রামের আহম্মেদ আলী মন্ডলের ছেলে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ‘রবিউল একজন অর্থোপেডিক বিষয়ের ডাক্তার। রোগীদের নিজের কাছ থেকে অস্বাভাবিক বাড়তি দামে তিনি ওষুধ কিনতে বাধ্য করেন বলে অভিযোগ পেয়ে আমরা তার চেম্বারে অভিযান চালাই। সেখানে একজন রোগীকে তার কাছ থেকে আড়াই হাজার টাকা দামে একটি ইনজেকশন কিনতে দেখি। বাজারমূল্য যাচাই করে দেখি, এর দাম মাত্র ৭০ টাকা,’

তিনি আরও বলেন, ‘আমরা বাড়তি দাম নেওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে আমরা তাকে গ্রেফতার করি। উনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর