নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া থেকে ৩ শিশুর প্রাণ বাঁচিয়ে পুরস্কৃত হলেন রাজশাহীর দুর্গাপুর থানার কনস্টেবল আতিক রহমান। জেলা পুলিশ এসপি মো. শহিদুল্লাহ পক্ষ থেকে তাকে সম্মাননাপত্র দেয়া হয়েছে। পুরস্কার হিসেবে আতিক রহমান পেয়েছেন নগদ অর্থও।
গতকাল বুধবার(২২ জুলাই) পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ তার হাতে সম্মাননাপত্র ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় ৩ শিশুর জীবন বাঁচানোর জন্য এসপি তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জীবনবাজি রেখে তার এমন কাজ পুলিশের অন্য সদস্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।
গত মঙ্গলবার সকাল ১০টার দিকে দুর্গাপুর থানা সংলগ্ন মন্দিরের পেছনে রুবেল (১০), স্বচ্ছ (১০) এবং মাহাদী (১১) নামে তিন শিশু খেলছিল। তারা মন্দিরের পেছন দিয়ে বয়ে যাওয়া হোজা নদীতে পা ভেজাতে যায়। তখন পানির স্রোত প্রবল বেগে বয়ে যাচ্ছিল। ওই ৩ শিশু পানিতে নেমে নদীর মাঝামাঝি ঝুলন্ত ব্রিজের কাছাকাছি যেতেই প্রবল স্রোতে ভেসে যেতে থাকে। বাঁচার জন্য চিৎকার করতে থাকে।
এ সময় অনেকেই আশেপাশে থাকলেও কেউ এগিয়ে যাননি শিশু ৩টিকে বাঁচাতে। তবে তিন শিশুর ভেসে যাওয়ার দৃশ্য দেখে দাঁড়িয়ে থাকতে পারেননি পুলিশ কনস্টেবল আতিক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন তিন শিশুকে টেনে তুলে আনেন। বিষয়টি জানতে পেরেই জেলা পুলিশের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হলো। কনস্টেবল আতিক দুর্গাপুর থানার গাড়িচালক।
বার্তাবাজার/কে.জে.পি