দেশে যখন করোনার সংক্রমন বাড়ছে ঠীক তখন নানা অনিয়মের অভিযোগে বদলি করা হয়েছে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমানকে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক হিসেবে বদলির নির্দেশনা প্রদান করা হয়। তার স্থলাভিষিক্ত করা হয়েছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপাকে।
জানা গেছে, সাভার উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সরকারের ত্রাণ বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত সপ্তাহে সরেজমিন তদন্তে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের একজন পদস্থ কর্মকর্তা।
তখন একাধিক ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ইউএনওকে ভর্ৎসনা করেন ওই কর্মকর্তা। সরকারের একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগের খবর আসছিল গণমাধ্যমে। এ ছাড়া তার বিরুদ্ধে আশুলিয়ার গরুর হাট ও কাঁচাবাজার নিয়েও নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সাভার উপজেলার একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, ইউএনওর কর্মকাণ্ড ও ক্ষমতার দাপটে অসহায় হয়ে পড়েছিলেন তারা। বিভিন্ন সময় চাপের মুখে চেয়ারম্যানদের কাছ থেকে চাঁদা আদায়সহ নানাভাবে হয়রানি করা হতো।
এ ছাড়া সাভার উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সরকারের ত্রাণ বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তাধীন রয়েছে। এ নিয়ে গত সপ্তাহে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের একজন পদস্থ কর্মকর্তা সরেজমিন তদন্তে আসেন।
এ দিকে সাভার উপজেলায় প্রথমবারের মতো কোনো নারী নির্বাহী অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছেন শামীম আরা নীপা। তিনি বিসিএস ২৯তম ব্যাচের ক্যাডার ও টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। আগামী সপ্তাহে তিনি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিবেন।
কেএস/বার্তাবাজার