করোনায় দীর্ঘদিন পর মাঠে ফিরেছে দেশের ক্রিকেটাররা।মিরপুরসহ দেশের চারটি ভেন্যুতে নিয়মিত অনুশীলন করেছে ক্রিকেটাররা। মুশফিক-মিথুনসহ ১১ জন ক্রিকেটার অনুশীলন শুরু করলেও সহসাই মাঠে ফিরতে পারছেন না একদিনের ক্রিকেটের অধিনায়ক তামিম ইকবাল। আগামী শনিবার চিকিৎসার জন্য তামিমের লন্ডন যাওয়ার কথা রয়েছে।
বেশকদিন ধরেই বাঁহাতি এই ব্যাটসম্যান অন্ত্রের সমস্যায় ভুগছেন। দেশে বিভিন্ন জায়গায় টেস্ট করানোর পরও ব্যথার কারণ ধরা পড়ছে না। এ জন্যই মূলত লন্ডনে যাওয়ার পরিকল্পনা করেছেন ওয়ানডে অধিনায়ক।
গণমাধ্যমে তামিম ইকবাল বলেন, ‘গত এক মাসে তিনবার এমন ব্যথা হয়েছে। এমন ব্যথা যে সোজা হয়ে দাঁড়াতে পারি না, বসলে কিংবা শুয়ে থাকলেও ব্যথা। ডাক্তার হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু করোনার কারণে সেটি পারছি না। আরও কিছু পরীক্ষা করাতে হবে। এন্ডোসকপি, কোলনস্কোপি আবার হাসপাতালে গিয়ে করাতে হবে।’
লন্ডন যাওয়া নিয়ে তামিম বলেন, ‘লন্ডনের ডাক্তারের সঙ্গে কথাও হয়েছে। তবে ওখানে ১৪ দিনের কোয়ারেন্টিনের ঝামেলা আছে। এরপরও ভাবছি, প্রথম সুযোগেই লন্ডন যাব।’ সুযোগ পাওয়াতেই চিকিৎসকের পরামর্শে শনিবার লন্ডনে যাচ্ছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
এর আগে গত রোবাবার থেকে ঢাকায় অনুশীলন শুরু করেছেন চার ক্রিকেটার; মুশফিকুর রহীম, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান রানা ও শফিউল ইসলাম। তারা পর্যায়ক্রমে রানিং-জিম সেশন করে ব্যাটিং-বোলিং অনুশীলনও করেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন খালেদ আহেমদ ও নাসুম আহমেদ।
খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেন মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র নাঈম হাসানই অনুশীলন শুরু করেন। সিলেট, খুলনা ও চট্টগ্রামে ক্রিকেটারদের শুধু রানিং ও জিম সেশনের অনুমতি দিয়েছে বিসিবি।
কেএস/বার্তাবাজার