পাকুন্দিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা: স্বামী গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গৃহবধূ মাহফুজা আক্তার (৩৫) কে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আবু বকরকে (৪০) গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

আজ (বুধবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুলেরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামের মৃত মুরশিদ উদ্দিনের ছেলে।

জানা যায়, ৬ বছর আগে শ্বশুরবাড়ির সহযোগিতায় সৌদি আরব যায় আবু বক্কর ছিদ্দিক। বিদেশ যাওয়ার পর থেকে স্ত্রীকে ভরণপোষণের খরচ না দেওয়ায় সন্তানসহ স্ত্রী পিতার বাড়িতে ময়মনসিংহের পাগলা থানায় চলে যান। এনিয়ে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো।

স্বামী আবু বকর গত ১৭ জুলাই বিদেশ থেকে দেশে ফিরে মাত্র তিন দিন পর (২০ জুলাই) দিনগত রাতে স্ত্রী মাহফুজা খাতুনকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত গৃহবধূর পিতা মো. সোহরাব উদ্দিন বাদী হয়ে গতকাল মঙ্গলবার (২১ জুলাই) পাকুন্দিয়া থানায় আবু বক্কর ছিদ্দিককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান জানান, অভিযান চালিয়ে গৃহবধূ মাহফুজা খাতুন হত্যা মামলার আসামি স্বামী আবু বক্কর ছিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর