ফরিদপুরে মিললো বিরল প্রজাতির ধনেশ পাখি, বন বিভাগে হস্তান্তর

ফরিদপুরের বোয়ালমারী থেকে বিরল প্রজাতির ধনেশ পাখির একটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার আঁধারকোঠা এলাকার মকলুকার রহমানের ছেলে ফয়সাল মতিন সিজু সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ এবং ফরেস্টার আবু বকর সিদ্দিকী’র নিকট পাখিটি হস্তান্তর করেন। একটি অঙ্গীকারনামার মাধ্যমে পাখিটি হস্তান্তর করা হয়।

অঙ্গীকারনামায় ফয়সাল মতিন উল্লেখ করেন, গত চার মাস আগে ধনেশ পাখির বাচ্চাটি জনৈক ব্যক্তির নিকট থেকে ক্রয় করেন। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ আইন না জানার কারণে তিনি পাখিটি ক্রয় করেন। পরে এ আইন সম্পর্কে জানতে পেরে প্রশাসনের নিকট পাখিটি হস্তান্তর করেন।

ফরিদপুর সামাজিক বন বিভাগের ফরেস্টার আবু বকর সিদ্দিক বলেন, ধনেশ একটি বিরল প্রজাতির পাখি। এটি প্রায় তিন ফুট উঁচু হয়। ধনেশ পাখি সাধারণত ভারতের আসাম প্রদেশ, বাংলাদেশের খাগড়াছড়ি, বান্দরবন এলাকায় পাওয়া যায়। এরা আঙ্গুর, আপেল এবং পাহাড়ি ফল-মুল খেয়ে বেঁচে থাকে। ধনেশ পাখি জমিদার বা ধনিক শ্রেণির লোকজন পালন করে থাকে।

তবে সে জন্য সরকারের কাছ থেকে অনুমোদন ও লাইসেন্স নিতে হয় এবং তিন মাস পরপর প্রতিবেদন দিতে হয়। উদ্ধার হওয়া ধনেশ পাখির এ বাচ্চাটি ঢাকার বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রকৃতি বিভাগে পাঠানো হবে। বৃহস্পতিবার সকালেই বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রকৃতি বিভাগের গাড়ি এসে বাচ্চাটি নিয়ে যাবে।

বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, ‘ফয়সাল মতিন বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে জানতো না। তাই সে ভুল করে পাখির বাচ্চাটি ক্রয় করে। আইন সম্পর্কে জানার পর সে পাখিটি হস্তান্তর করে। পরবর্তীতে সে আর এরকম কোন পাখি ক্রয় বা লালন পালন করবে না।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর