দেশে ১৯৮৮ সালের পর এবার একটি দীর্ঘস্থায়ী বন্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কারীর দপ্তর ওসিএইচএ।
মঙ্গলবার (২১ জুলাই) ওসিএইচ ‘র এক প্রতিবেদনে বলা হয়েছে, বাড়তে থাকা বন্যার পানি সামনের মাসের আগে কমার সম্ভাবনা কম।এই বন্যার কারণে বাংলাদেশে এখন পর্যন্ত ১৮টি জেলার ২৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি থেকে সরে যেতে হয়েছে ৫৬ হাজার মানুষকে। মারা গেছেন ৫৪ জন।
দেশে সাধারণত বছরে এক থেকে তিনটি বন্যা হয়ে থাকে। জুনের শেষে বা জুলাইয়ের মাঝামাঝি সময়ে যে বন্যা হয়, তা প্রায়ই এক সপ্তাহ থেকে ১০ দিন স্থায়ী হয়। এবার চট্টগ্রাম, পদ্মার দুই পাড়ের চার জেলা, উত্তরাঞ্চলের আত্রাই অববাহিকায় বন্যার পানি চলে এসেছে। যার কারণে সহজে কমার লক্ষণ নেই। ১৯৮৮ সালে যে বন্যা হয়েছিল তার ব্যাপ্তিকাল ছিল ৩৩ দিন।