পঞ্চগড়ে স্বাস্থ্য সেবায় প্রতারণা,ভুয়া মেডিকেল টেস্ট করিয়ে রোগীদের অর্থলুট ও স্বাস্থ্য সেবার নামে জালিয়াতির অভিযোগে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে পঞ্চগড় পৌর শহরের কায়েতপাড়ায় লিজিটপ্লাস এ্যাফিলিয়েট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লিজিটপ্লাস এ্যাফিলিয়েট লিমিটেড নামক প্রতিষ্ঠানে ভুয়া মেশিন ব্যবহার করে মেডিকেল টেস্ট করিয়ে মানুষকে তাদের প্রতারণার জালে ফেলে ভূয়া চিকিৎসা দিয়ে আসছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার আবু বক্কর সিদ্দিক ও আটোয়ারী উপজেলার গিরাগাঁও এলাকার হেকিম রবিউল ইসলাম।
ভূক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে অভিযোগের প্রমান মেলায় এ সময় প্রতিষ্ঠানটিকে ভুয়া চিকিৎসা দিয়ে জনগণকে প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. তোফায়েল আহমদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান,লিজিটপ্লাস এ্যাফিলিয়েট লিমিটেড নামক প্রতিষ্ঠানে ভূয়া মেশিন ব্যবহার করে চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিল আবু বক্কর সিদ্দিক ও রবিউল ইসলাম।
সংবাদ পাওয়া মাত্রই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছি। আগামীতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
কেএস/বার্তাবাজার