রাজধানী থেকে ১২ প্রতারক নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

রাজধানীর পল্লবী এলাকা থেকে প্রতারণার অভিযোগে ১২ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে পুলিশের সিআইডি বিভাগ। তাদের সাথে এক বাংলাদেশি নারীও আছেন। সিআইডি জানিয়েছে, নাইজেরিয়ান এই চক্রটি ফেসবুকে প্রতারণার মাধ্যমে গত ২ মাসে দেশের বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে ৫/৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

আজ (বুধবার) সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হচ্ছে- নন্দিকা ক্লিনেন্ট, ক্লেটাস আছুনা, ওইউকুলভ টিমটি, একিন উইসডোম, চিগোই, ইভুন্ডে গ্যাব্রিল ওবিনা, স্যালেস্টাইন প্যাট্রিক, ডুবুওকন সোমায়ইনা, ইয়েরেম প্রেসিওস, ওক উইসডম, মর্দি ন্যামডি এবং বাংলাদেশি রাহাত আরা খানম ওরফে ফারজানা মহিউদ্দিন।

অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার জানান, এক ভুক্তভোগী অভিযোগকারীর তথ্যের ভিত্তিকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা অভিনব উপায়ে বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব তৈরি করেন। বন্ধুত্বের একপর্যায়ে তারা একটি ম্যাসেঞ্জার থেকে একটি উপহার পাঠানোর প্রস্তাব দেন।

পরে ম্যাসেঞ্জারে এসব মূল্যবান সামগ্রীর এয়ার লাইন বুকিংয়ের ডকুমেন্ট পাঠান। উপহারের বক্সে কয়েক মিলিয়ন ডলারের মূল্যবান সামগ্রী রয়েছে বলেও ভুক্তভোগীকে জানানো হয়। তারা ভুক্তভোগীকে চট্টগ্রাম বিমানবন্দরের কাস্টম গুদাম থেকে সেগুলো রিসিভ করতে বলেন।

এ সময় তাদের গুরুত্বপূর্ণ সহযোগী রাহাত আরা খানম ওরফে ফারজানা মহিউদ্দিন নিজেকে কাস্টম কমিশনার পরিচয় দিয়ে ভুক্তভোগীকে চার লাখ ২৫ হাজার টাকা শুল্ক পরিশোধ করতে বলেন। তারা সেই টাকা কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে পরিশোধের জন্য চাপ দেন। প্রতারকদের পাঠানো উপহার সংগ্রহ না করলে আইনি জটিলতার ভয়ও দেখায় প্রতারক চক্রটি। তারা এভাবে অনেককে প্রতারণায় ফেলে ৫ থেকে ৬ কোটি টাকা আয় করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর