বোদায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যাক্তির (৩২) লাশ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। বুধবার দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের জুরান পাড়া ঘাট এলাকার করতোয়া নদীর মাঝখানে থাকা একটি চরের আখ ক্ষেতের পাশে পড়ে থাকা অবস্থায় প্রায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে জুরান পাড়া ঘাট এলাকা দিয়ে কয়েকজন জেলে মাছ ধরার উদ্দেশ্য করতোয়া নদীতে আসে। এ সময় তারা প্রচন্ড দূর্গন্ধ অনুভব করলে সামনে এগিয়ে গিয়ে এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে। তারা লাশ দেখা মাত্রই স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে অবহিত করলে তারা বোদা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।

মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো রেজাউল করিম শামিম জানান, সকালে স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে আমাকে অবহিত করলে আমি বোদা থানা পুলিশে খবর দেই। তারা লাশটি উদ্ধার করেছে। সম্ভবত লাশটি বেশ কিছুদিন আগের। কারণ দুর্গন্ধে কেউ লাশের কাছে যেতে পারছেনা। আর লাশটি নদীর পানিতে ভেসে আসতে পারে বলে আমার ধারণা হচ্ছে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া জানান, লাশটি আমরা নদীর মাঝখানে থাকা চরের একটি আখ ক্ষেতের পাশে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছি। লাশটি প্রায় অর্ধগলিত ও খুবই দুর্গন্ধযুক্ত। লাশটি এক পুরুষ ব্যাক্তির। তার বয়স আনুমানিক ৩২ বছর। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছি। লাশ হতে প্রায় ১০ ফিট দুরে একটি কুকুরের দুর্গন্ধযুক্ত মৃত দেহ পাওয়া গেছে। বিষয়টি সন্দেহের অবকাশ থাকায় খতিয়ে দেখা হবে। লাশের পরিচয় শনাক্ত হলে আমরা বিস্তারিত বলতে পারবো।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর