কৃষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুরের মেঘনা নদী বেস্টিত ভোলার চরাঞ্চলে জলদস্যু ও আন্ত:জেলা নৌ-ডাকাত দলের সদস্যদের হামলা, অপহরণ, নির্যাতন ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে লক্ষ্মীপুরের চরাঞ্চলের কৃষকরা। সন্ত্রাসী ও জলদস্যুদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে লক্ষ্মীপুরের চররমনী মোহন ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

বুধবার দুপুরে স্থানীয় করাতিহাট বাজারে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এতে উপস্থিত ছিলেন কৃষক মফিজ হাওলাদার, শাহজালাল মোল্লা, ইলিয়াছ মীর, ফিরোজ আলমসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, লক্ষ্মীপুরের চরাঞ্চলে ভোলা জেলার সন্ত্রাসী রাসেল খাঁ, হালিম খাঁ ও মিন্টু খাঁর নেতৃত্বে জলদস্যু ও আন্ত:জেলা ডাকাতদের একত্রিত করে একটি বাহিনী গড়ে তুলেছে। তারা প্রতিনিয়ত লক্ষ্মীপুরের দ্বীপচর মেঘায় দখল, কৃষকদের অপহরন, চাঁদাবাজিসহ উৎপাদিত ফসল ও গরু-মহিষ লুট করে নিয়ে যাচ্ছে।

এর আগে গত ১৭ জুলাই ওই সন্ত্রাসীরা চরমেঘায় অতর্কিত হামলা চালিয়ে স্থানীয় কৃষক হারিছ সর্দার ও তার ছেলে রাকিব সর্দারকে কুপিয়ে হাত পা ভেঙ্গে অপহরণ করে তাদের নৌকায় উঠিয়ে ভোলার দিকে নিয়ে যেতে থাকে। খবর পেয়ে মজু চৌধুরীহাট নৌ-পুলিশ মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কৃষক হারিছ সর্দারকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। বর্তমানে তার অবস্থা সঙ্কটাপন্ন। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ অপহরণকারী, চাঁদাবাজ ও ভোলার ওইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেননি। গতকাল পুনরায় ওই বাহিনী আবারো হামলা চালিয়ে কৃষকদের ১১টি গরু নিয়ে গেছে। অবিলম্বে ওইসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর