ঈদ উপলক্ষে জনস্বার্থে দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ফ্লাইওভার ও আন্ডারপাসসহ চলমান কাজ ঈদের আগে সাত দিন ও ঈদের পরে সাতদিন মোট ১৪ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (বুধবার) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সড়ক মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের এ নির্দেশ দেন মন্ত্রী।
সরকার ইতিমধ্যে ঈদে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশনা দিয়েছেন, তাই সবাইকে নিজ নিজ কর্মস্থলে অবস্থানের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রত্যেক জোন, সার্কেল ও বিভাগকে সক্রিয় থাকতে হবে যাতে সড়ক-মহাসড়কের উপর বা পাশে পশুরহাট না বসে।
ঈদে গ্রামমুখী মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করতে হবে। দেশের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ সেতু থাকলে তার নজরদারি করতে হবে উল্লেখ করে প্রয়োজনে বিকল্প রাস্তা ঠিক রাখারও নির্দেশ দেন।
বার্তাবাজার/এমকে