ভেঙে গেলো ঝিনাই নদীর ব্রীজ, ২৫ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীর ওপর স্থাপিত ২০০ মিটার ব্রিজের একটি পিলার ও দুইটি গার্ডার বন্যার পানিতে ভেঙ্গে ভেসে গেছে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় দুই উপজেলার অন্তত ২৫ টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ২০০৬ সালে শুয়াকৈর-হদুর মোড় সংলগ্ন ঝিনাই নদীর ওপর ২০০ মিটার দৈর্ঘ্যের এ ব্রিজটি তৈরি করা হয়। হঠাৎ করে মঙ্গলবার সকালে বন্যার পানির তোড়ে ওই ব্রিজের মাঝামাঝি ২০ মিটার দৈর্ঘ্যের ২টি গার্ডারসহ ১টি পিলার প্রায় ১ ফুট দেবে যায়। খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহম্মেদ, এলজিইডির প্রকৌশলী রাকিব হাসান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় পুরো ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়েছে বলে মানুষ ও যান চলাচল নিষিদ্ধ ঘোষণ করে উপজেলা প্রশাসন। পরে মঙ্গলবার রাত দেড়টার দিকে দেবে যাওয়া পিলারসহ ২ টি গার্ডার মুল ব্রিজ থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে ভেসে যায়। ব্রিজটি ভাঙ্গার ফলে সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার চরাঞ্চলের অন্তত ২৫টি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।

শুয়াকৈর গ্রামের একেএম আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম দুলু ও সোনাকান্দর গ্রামের শামসুল হক বলেন, সরিষাবাড়ী উপজেলা শহরের সাথে আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিলো এই ব্রিজটি। সেটাও আজ ভেঙ্গে গেলো। আমাদের চলাচলের আর কোন রাস্তা নেই। একটা মানুষ অসুস্থ হলেও হাসপাতালে নেয়ার মতো কোন ব্যবস্থা নেই। আমাদের দাবী যাতে অতি তাড়াতাড়ি আমাদের এই দুই উপজেলার মানুষের চলাচলের একমাত্র রাস্তার এই ব্রিজটি ঠিক করে দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, ব্রিজটির একাংশ দেবে যাওয়ার খবর পেয়ে আমি গিয়েছিলাম। আর মঙ্গলবার দুপুরেই সব ধরনের যান চলাচল বন্ধ করা হয়েছিলো। পরে মঙ্গলবার রাতেই ব্রিজটি ভেঙ্গে পানিতে ভেসে গেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর