স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে এখনো তাঁর পদত্যাগ পত্র গৃহীত হয়নি বলে জানিয়েছেন প্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
বুধবার (২২ জুলাই) একটি বেসরকারি টিভি চ্যানেলকে আরো জানান, সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হলে তাকে অব্যাহতি দেয়ার বিষয়টি প্রজ্ঞাপন আকারে জানানো হবে।
তবে আজ প্রজ্ঞাপন হবে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেননি জনপ্রশাসন সচিব।
প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির মধ্যে বিভিন্ন ইস্যুতে সমালোচনার মুখে পদ ছাড়েন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।
অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ২০১৬ সালের ১লা সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিতে নিয়োজিত ছিলেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছিল।
গত মে মাসে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হন ডা. আবুল কালাম আজাদ। এরপর তিনি সিএমএইচে ভর্তি হন।
বার্তা বাজার / ডি.এস